নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছেন সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ

 বায়তুল মোকাররম এলাকায় কড়া নিরাপত্তা, পুলিশের তল্লাশি

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছেন সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ

নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ‘‘মার্চ ফর খিলাফত’’ কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের বিভিন্ন শাখার সদস্যরা। এছাড়াও নামাজ পড়ার উদ্দেশে যারা ভেতরে প্রবেশ করেছেন তাদের অনেকের শরীর ও ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে।




শুক্রবার (৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বায়তুল মোকাররম এলাকায় এই দৃশ্য দেখা যায়।


এছাড়াও পল্টন মোড়ে জলকামান, সাঁজোয়া যান ও প্রিজন ভ্যান এনে রাখা হয়েছে। টহল দিচ্ছেন সেনা সদস্যরা।


নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর পূর্বঘোষিত কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। এই সংগঠনের যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাদের এ ধরনের কার্যক্রম দেশের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ বলেও জানায় ডিএমপি।


বায়তুল মোকাররম এলাকায় টহল অব্যাহত রেখেছেন সেনাবাহিনীর সদস্যরা



বায়তুল মোকাররম এলাকায় টহল অব্যাহত রেখেছেন সেনাবাহিনীর সদস্যরা/সংগৃহীত


এর আগে বৃহস্পতিবার ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় নিয়ে ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, পোস্টার ও লিফলেট বিতরণ বা প্রচারমূলক কার্যক্রম ফৌজদারি অপরাধ। হিযবুত তাহরীরসহ কোনো নিষিদ্ধ সংগঠন যদি সভা-সমাবেশ বা প্রচারমূলক কার্যক্রম পরিচালনার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে ঢাকার উত্তরা থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরা সেক্টর-১১ ও ১২ নম্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Comments