বরগুনায় আড়াই কেজির ইলিশ ১৪ হাজার টাকায় বিক্রি
বরগুনার বিষখালী নদীর একটি ইলিশ ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। ২ কেজি ৪০০ গ্রাম ওজনের ইলিশটি রোববার (৯ মার্চ) রাত নয়টার দিকে বিষখালী নদীর ডালভাঙ্গা নামক এলাকার এক জেলের জালে ধরা পড়ে।
এই ইলিশটি ১৪ হাজার টাকায় বিক্রি হয়। ছবি: সময় সংবাদ
মো. সাইফুল ইসলাম মিরাজ
সংশ্লিষ্টরা জানান, রাত দশটার দিকে বরগুনা পৌর মাছ বাজারে ১৪ হাজার টাকায় মাছটি ডাকের মাধ্যমে বিক্রি করেন মিজান নামের এক মাছ বিক্রেতা। এসময় মাছটি খুচরা ক্রেতাদের কাছে বিক্রি করার জন্য ক্রয় করে রাখেন পাইকারি ব্যবসায়ী মোঃ নান্টু মোল্লা।
এ বিষয়ে নান্টু মোল্লা বলেন, সাধারণত এত বড় ইলিশ মাছ এখন খুব একটা দেখা যায় না। তার উপরে বিষখালী নদীর ইলিশের খ্যাতি রয়েছে দেশজুড়ে। তাই খুচরো বিক্রির জন্য আমি মাছটি ক্রয় করেছি। মাছটি আমি যখন বিক্রি করব তখন এর দাম আরও বেশি পড়বে।
বরগুনা পৌর মাছ বাজার সমবায় সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটন বলেন, রাতে বিষখালী নদী থেকে ধরা ২ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি ইলিশ বাজারে নিয়ে আসেন জেলেরা। পরে মৎস্য আড়তদার মিজান পাইকারদের উপস্থিতিতে মাছটি ডাকে তোলেন।
এসময় ডাকে অংশ নেয়া কয়েকজন পাইকারের মধ্যে মোঃ নান্টু মোল্লা সর্বোচ্চ দাম দিয়ে খুচরা বিক্রির উদ্দেশে মাছটি ক্রয় করেন।

Comments
Post a Comment